কুলিয়ারচর প্রতিনিধি :মোঃ সবুজ মিয়া!
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাতে চুরি হওয়া একটি লাল রঙের বকনা গরুসহ দুই গরু চোরকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। এ ঘটনায় আরও ৩–৪ জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব গাইলকাটা এলাকার বাসিন্দা আরিফ (৫৪) গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে তার বসতঘর সংলগ্ন গোয়ালঘরে দুটি গরু বেঁধে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গোয়ালঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি গরু চুরি হয়ে গেছে।
গরুটি না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে খবর পান যে, মানিকদী ব্রিজ এলাকার কুলিয়ারচর অংশে আতশ আলীর অটো গ্যারেজের সামনে পাকা সড়কের ওপর স্থানীয় লোকজন চুরি যাওয়া গরুসহ একজনকে আটক করে রেখেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পূর্ব গাইলকাটা মহল্লার মৃত গিয়াস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম বাবু ওরফে সজীব (২৭)কে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুলিয়ারচর বাজারের ব্যাপারীপাড়া মহল্লার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. নূরে আলম (২৪)কে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
উদ্ধারকৃত গরুটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। গরুটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আরিফ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.