
সংবাদদাতা :
চাঁদপুরের মতলব দক্ষিণে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-ছেলের একসঙ্গে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খাঁন বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ওই এলাকার সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন খাঁনের স্ত্রী বৃদ্ধা রিনা বেগম (৫৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো.হাফিজুর রহমান মানিক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে পাশের নতুন একটি জায়গায় ফেলা বালুতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প মেশিন বসানো হয়। বিদ্যুৎ এর মূল লাইন থেকে পানি উঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় প্রথমে ছেলে রাসেল বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। এতে পাম্প মেশিনটিও পুড়ে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। রিনা বেগমের চার সন্তান ও ছেলে রাসেল খাঁনের ২ সন্তান ও স্ত্রী রয়েছে। রাসেল খাঁন চাঁদপুর সদরে একটি দোকানে চাকরি করত।
কান্নাজড়িত কণ্ঠে নিকট আত্মীয় তানজিনা নাহার বলেন, রিনা বেগমের বাবার বাড়ি চাঁদপুর বাবুরহাটে। রিনা বেগমের ভাই মো. সাঈদ মিয়াজী তিন মাস আগে মারা গেছেন। এর এক বছর আগে দুই ভাই নান্নু মিয়াজী ও সাঈদ মিয়াজীর স্ত্রীও মারা যান। আর এখন রিনা বেগম ও ওনার ছেলে রাসেল খান মারা গেলেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.