নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টভাবে নিষ্পত্তি হওয়ার পরও একটি রাজনৈতিক দল এটিকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। তিনি বলেন, এ ধরনের নোংরা রাজনীতি জনগণ আর দেখতে চায় না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, পঁচা রাজনীতি নয়, ২৪-এর যুব সমাজ পরিবর্তন চায়। তারা বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। নারী ইস্যুকে সামনে রেখে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনতার প্রকৃত রায়কে সম্মান জানাতে জামায়াতে ইসলামী প্রস্তুত।
তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটি স্বাধীন ও সম্মানজনক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জুলাইয়ে যুবসমাজ বুকের রক্ত দিয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাদের সেই আত্মত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।
কিশোরগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কিশোরগঞ্জ কোনো শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ কৃষিকে শিল্পে পরিণত করা হবে। অনেকে প্রশ্ন করেন, এ অর্থ কোথা থেকে আসবে। দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা ফেরত আনতে পারলে উন্নয়ন কোনো সমস্যা নয়।
তিনি বলেন, এখন আর কোনো দুর্বৃত্ত কারো ভোটাধিকার হরণ করতে পারবে না। কেউ বাধা দিতে এলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের অনিয়ম বা প্রতিবন্ধকতা মেনে নেওয়া হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, আমরা জামায়াতের সরকার চাই না, আমরা ১৮ কোটি মানুষের সরকার চাই।
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী প্রফেসর ডা. কর্নেল জেহাদ খান, কিশোরগঞ্জ-৪ আসনের জামায়াত প্রার্থী এডভোকেট রোকন রেজা, সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন এবং কৃষ্ণচন্দ্র বসাক।
এছাড়া উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাস্টার ওয়াহিদুল হক, যুব বিভাগের সেক্রেটারি মুস্তাকিম হাসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সকাল থেকেই কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো জনসভা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.