মোস্তাফিজ আমিন॥
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ পরিচয়ে পথচারিদের আটকে তল্লাশীর নামে ছিনতাইয়ের সময় হাতে-নাতে ধরা পড়ে শ্রীঘরে ঠাঁই হয়েছে শাওন (২৫) নামের এক যুবকের। তবে পুলিশ আসার আগে জনতার রোষানলে পড়ে উত্তম-মধ্যমের শিকার হন নকল ওই পুলিশ।
অভিযুক্ত যুবক শাওন (২৫) ভৈরব শহরের চন্ডীবেড় মধ্যপাড়া এলাকার বাসিন্দা কবির আহমেদের ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছিনতাইয়ের হটস্পট হিসেবে পরিচিত শহরের রেলওয়ে স্টেশন সড়কের পৌর কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই সময় এক কিশোর ব্যাটারিচালিত রিকশার একটি ব্যাটারি নিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে শাওন তার গতিরোধ করে নিজেকে পুলিশের লোক পরিচয় দেয় এবং কিশোরটিকে মারধর করে তার ব্যাটারিটি ছিনিয়ে নেয়। এই ঘটনার কিছুক্ষণ আগে আরও দুই ব্যক্তির কাছ থেকেও একই কায়দায় সে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

এলাকাবাসী জানায়, শাওন বেশ কিছুদিন ধরেই পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নিচ্ছিল। তবে শনিবারের ঘটনার সময় সে কবরস্থানে কবর খোড়ার কাজে আসা লোকজনের নজরে পড়ে যায়। ভুক্তভোগীদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাকে আটকে ফেলেন।
পরে তার ব্যাগ তল্লাশি করে ছিনিয়ে নেওয়া অটোরিকশার ব্যাটারিটিসহ অন্যান্য জিনিস পাওয়া যায়। এ সময় উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলে এবং একপর্যায়ে গণধোলাই দিতে শুরু করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে শাওনকে তাদের হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে ভৈরব থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটক শাওনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করার পর আজ রবিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
https://slotbet.online/